রেজাউল করিম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ “ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৪ অক্টোবর হতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় জামালপুরে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রেও খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। এই কার্যক্রম ১৭ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদেরকে খাওয়ানো হবে।
সরিষাবাড়ী উপজেলার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনগুলোতে পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক। পরিদর্শন কালে তিনি বলেন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আপনারা আপনাদের শিশুদেরকে ভিটামিন এ খাওয়ান, এতে আপনাদের শিশুর মৃত্যু ঝুঁকি কমবে। তিনি আরও বলেন, ৬-১১ মাস বয়সী শিশুরা খাবে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা খাবে লাল রঙের ক্যাপসুল। মনে রাখতে হবে শিশুর ৬ মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরের তৈরী সুষম খাবার খাওয়াতে হবে নিয়মিত।

