সুমন ভৌমিকঃ গৌরীপুরে স্থানীয় এক দালাল চক্র উচ্চ বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তদন্তে ময়মনসিংহ ডিবি পুলিশ গ্রেফতার করেছে এক মানব পাচারকারী।
জানা যায়, গৌরীপুরের ইছুলিয়া (গাংপাড়) এর চার বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (৩২), হুমায়ুন করিব সুজন (২৪), মোঃ সোহেল মিয়া (২৬), আঃ খালেক (৪৬) স্থানীয় এক দালালের প্রলোভনে পড়ে সৌদি আরবে উচ্চ বেতনের চাকুরি দেওয়ার আশ্বাসে প্রত্যেকে ছয় লক্ষ টাকার বিনিময়ে বিদেশে পাড়ি দেয়। সৌদি আরবে পাড়ি দিয়ে চার ব্যক্তি নির্যাতনের স্বীকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
পুলিশ সূত্র জানায়, দালাল চক্রের মাধ্যমে চার বাংলাদেশী উচ্চ বেতনের চাকুরি দেওয়ার আশ্বাসে প্রত্যেকে ছয় লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরব পাড়ি দেয়। বর্তমানে সৌদি আরবে চার মাস যাবৎ মানবেতর জীবন-যাপন করছে মর্মে ময়মসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নিকট একটি বার্তা আসে।
মোবাইলে মেসেজেরের মাধ্যমে তাদের মানবেতর জীবন-যাপনের কাহিনীর তথ্য পেয়ে দক্ষ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দালাল চক্রকে সনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশ পেয়ে ডিবি’র চৌকস অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর তত্তাবধানে ও বিশেষ পরিকল্পনায় ডিবি পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। তদন্ত কালে ২৮ জুন রবিবার দিবাগত রাত ৩ টায় গৌরীপুর থানার ইছুলিয়া (গাংপাড়) এলাকার মৃত মাহমুদ আলী ছেলে মানব পাচারকারী মোঃ দুলাল মিয়া (৪৫)-কে ডিবি পুলিশ গ্রেফতার করে।
মানব পাচারকারী গ্রেফতারকৃত দুলাল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে এলাকা প্রতিবেশী মোঃ আব্দুল হামিদ অভিযোগ দায়ের করিলে গৌরীপুর থানায় ২৮ জুন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। মামলা নং-২৭। গ্রেফতারকৃত আসামীকে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

