সুমন ভৌমিকঃ গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় অলকা নদী বাংলা কমপ্লেক্স এর ২য় তলায় জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ নামক সেলফোন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্ধর্ষ চোরেরা দোকানের শার্টারের তালা কেটে ১৪৩টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট সেলফোন এবং নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ময়মনসিংহের পুলিশ সুপার এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ চুরির ঘটনার বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করেন।
জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ এর অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গোয়েন্দা পুলিশের চৌকস টিম ১২ অক্টোবর অবিচ্ছেদ্য অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ বাদশা চৌধুরী (২৬), মোঃ শাহিন (২৫), মোঃ আবুল খায়ের (২৭)।
বিজ্ঞ আদালতের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের হেফাজতে গ্রেফতারকৃত দুর্ধর্ষ চোর চক্রের সদস্য মোঃ বাদশা চৌধুরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মোঃ বাদশা চৌধুরী চুরির ঘটনার সাথে সে জড়িত স্বীকার করে গোয়েন্দা পুলিশকে চুরির সকল ঘটনা বর্ণনা দেন।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ চোর চক্রের সদস্য মোঃ বাদশা চৌধুরী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া গ্রেফতারকৃতরা সকলে চুরির সাথে জড়িত এবং যে কুট কৌশলে অলকা নদী বাংলা কমপ্লেক্সে চুরি করেছে তার বিশদ বর্ণনা বিজ্ঞ আদালতে দেয় মোঃ বাদশা চৌধুরী।
জানা যায়, জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জের চুরি হওয়া ১৪৩টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট সেলফোনের বাজার মূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে ও আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

