জামালপুর প্রতিনিধিঃ-
পাঁচ বছরের ব্যবধানে জামালপুর-৪ আসনের আলোচিত–সমালোচিত সংসদ সদস্য সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আয় বেড়েছে প্রায় ৮ গুণ। এ সময়ের তার সম্পদ বেড়েছে দ্বিগুণ। নির্বাচন কমিশনে জমা দেওয়া মুরাদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
জামালপুরের পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী সরিষাবাড়ি-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০১৮ সালে মুরাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ২ কোটি ৪ লাখ ৫১ হাজার ৯১৬ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তি ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৯৬৬ টাকা এবং স্থাবর সম্পত্তি ছিল ৫০ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা। সেই সম্পত্তি ৫ বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৭১৭ টাকায়। এতে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ২ গুণ।
২০১৮ সালে মুরাদের বার্ষিক আয় ছিল ১৩ লাখ ৮৩ হাজার ২৮৩ টাকা। পাঁচ বছরের ব্যবধানে সেই আয় বেড়ে দাড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৪৪ টাকায়। এতে তাঁর আয় বেড়েছে প্রায় ৮ গুণ।
২০১৮ সালের হলফনামায় তাঁর একটি শর্টগান ও একটি পিস্তল থাকলেও এবারের হলফনামায় তা উল্লেখ করেনি তিনি।
তবে একজন প্রার্থীর সম্পদ নয়, যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছে সরিষাবাড়ি আসনের সাধারণ ভোটাররা।
সরিষাবাড়ির সাধারণ ভোটার আব্দুর রহিম বলেন, ‘কার কতটুকু আছে না আছে। কার কি আছে না আছে। এটা আমাদের দেখার বিষয় না। আমার ভোটটা আমি যোগ্যতা দেখে দেব। সরিষাবাড়িতে যে উন্নয়ন করব তাকে ভোট দেব আমরা।’
আরেক তরুণ ভোটার আলিফ হোসেন বলেন, ‘সামনে নির্বাচন আসতাছে। কয়েকজন প্রার্থী দাঁড়াইছে। আমরা গরিব মানুষ। আমরা কেন্দ্রে যাব। আমরা ভোটটা অপচয় করতে চাই না।’
জামালপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসূফ আলী বলেন, ‘দেশব্যাপী যেখানে দেখছি কারো কারো ১০০ গুণ, ২০০ গুণ পর্যন্ত সম্পদ বৃদ্ধি পাচ্ছে।’
জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান তালুকদারের পুত্র ডা. মুরাদ হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুবার। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর তথ্য মন্ত্রণালয়ে।
তথ্যপ্রতিমন্ত্রী থাকার সময় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হলে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। এছাড়াও নানা বক্তব্যের জন্য সারা বছর দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি

