গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টার ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৫টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৪টি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন।
তবে ২৪ ঘন্টায় রাজধানীতে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

