একাত্তর বাংলাঃ জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার ‘মূল হোতা’ কামরানকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
পুলওয়ামার পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে, এমন খবর পাওয়ার পরই রোববার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে অভিযান শুরু করে সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে বিচ্ছিন্নতাবাদীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে এক মেজর এবং তিন জওয়ান মারা যান।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সংঘর্ষে ‘জঙ্গিগোষ্ঠী’ জয়েশ-ই-মোহাম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি নিহত হয়েছেন। পুলওয়ামা হামলার তিনিই মাস্টারমাইন্ড ছিলেন বলে দাবি করেছে সেনাবাহিনী।
সেনা সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবারের হামলাস্থলের ১০ কিলোমিটার দূরে পিংলানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় এক সাধারণ নাগরিকও।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাত থেকে গোলাগুলি চলছে। দুই থেকে তিন জন বিচ্ছিন্নতাবাদী এখনো ওই এলাকায় লুকিয়ে আছে এবং থেমে থেমে গোলাগুলি হচ্ছে।
বৃহস্পতিবার অবন্তীপোরায় হামলায় পর সিআরপিএফ সূত্রে জানানো হয়েছিল, ওই এলাকায় নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। কনভয়ের গতিবিধিতেও পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন সিআরপিএফের অধিকর্তা জেনারেল আর আর ভাটনগর। এর পরেও একই এলাকায় এমন সংঘর্ষের ঘটনা ঘটল।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হামলায় ৪ জন আধা-সামরিক সেনা নিহত হয়। হামলার সময় পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহরটি। জইশ-ই-মোহম্মদ হামলার দায় স্বীকার করে।

