একাত্তর বাংলাঃ সুনামগঞ্জে আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে ১০টি রুটে চলাচলকারী বাস মিনিবাসসহ সব ধরণের যান।
রোববার সকালে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস মিনিবাস। পরিবহন নেতা ও শ্রমিকদের অভিযোগ, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ জেলা আঞ্চলিক সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিকল হয়ে যাচ্ছে যানবাহন।
গত ৩ মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলেও জানান তারা। সব রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দুর্ভোগের শিকার যাত্রী অভিযোগ করেন, ‘খুব ভোগান্তির মধ্যে আছি। সকালে ক্লাস ছিলো কিন্তু আমি বাস বন্ধ থাকার কারণে আমি যেতে পারছি না।’
শ্রমিকরা বলেন, ‘কয়েকবার সরকারের পক্ষ থেকে বাজেট হয়েছে কিন্তু কোনো নেতায় রাস্তা ঠিক করেনি। এই রাস্তার কারণে প্রতিটি যাত্রী ও যানবাহন যন্ত্রণাদায়ক ভোগান্তির শিকার হচ্ছে।’
সুনামগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মো. নুরুল হক বলেন, ‘এ রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। এমন রাস্তা দেশের কোথাও আছে কিনা আমার জানা নেই।’

