একাত্তর বাংলাঃ অবৈধ সম্পর্কের জের ধরে গাছের সঙ্গে বেঁধে জনসম্মুখে এক নারীকে পিটিয়েছেন তার স্বামী। ভারতের উত্তর প্রদেশের বুলান্দর শহরে পঞ্চায়েত অবৈধ সম্পর্কের ঘটনায় এক নারীকে ১০০ ঘা মারার আদেশ দেন। এর পরই বেল্ট দিয়ে ঐ স্বামী তার স্ত্রীকে মারতে থাকেন।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওটিতে দেখা যায়, গ্রামবাসী একটি গাছের চারপাশে জড়ো হয়েছে। আর ওই গাছের সঙ্গে দড়ি দিয়ে দুহাত বাঁধা এক নারীকে তার স্বামী বেল্ট দিয়ে পেটাচ্ছেন। গোলাপি ও সাদা রঙের শাড়ি পড়া ওই নারী মার খেয়ে ব্যথায় কান্না করতে শোনা যায়।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ঐ নারী তার প্রেমিককে নিয়ে বাড়ি থেকে পালান।
কিন্তু ১০ মার্চ তার স্বামী এই বলে ফিরিয়ে আনেন যে, তাকে ক্ষমা করে দিয়েছেন তিনি। কিন্তু সে ফিরে আসার পর গ্রামের বয়োজ্যেষ্ঠের সালিশি বৈঠকে ওই নারীকে সাজা দেয়ার সিদ্ধান্ত হয়। তারা জানায়, ওই নারীকে ১০০ ঘা মারতে হবে। পরে ওই নারী একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ গ্রামের কমপক্ষে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পর পুলিশ পরিদর্শক আলতাফ আনসারি বলেছেন, আমরা ওই নারীর স্বামী সৌদান, সাবেক গ্রাম্য প্রধান শের সিং ও তার ছেলে শ্রাবণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আর মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

