স্ত্রী সারাকে নিয়ে ভারত সফরে এসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। বিভিন্ন শিল্পপতি, মুম্বইয়ে বসবাসকারী ইহুদিদের সঙ্গে দেখা করার পর এ বার এক অনুষ্ঠানে ‘বলিউড’-এর সঙ্গে মুখোমুখি হলেন তিনি।
বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত এই অনুষ্ঠানটির নাম ছিল ‘শালোম বলিউড’। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েক জন তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অভিনন্দন বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, কর্ণ জোহর, ইমতিয়াজ আলি, বিবেক ওবেরয়, প্রসূন জোশী এবং মধুর ভান্ডারকরদের সঙ্গে সেলফিও তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বলিউডের সব তারকা, প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে সেলফি তুলতে চাই। হাজার হাজার মানুষ এই বন্ধুত্ব দেখুক…।’’
গ্রুপ সেলফিটি তোলেন অমিতাভ বচ্চন। টুইটারে নিজেই সেই ছবি শেয়ার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবং এই ছবি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এক কথায় ভাইরাল হয়েছে।

