নিউজ ডেস্ক
সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, ‘মিয়ানমারে উত্তেজনা চলামান রয়েছে। আমরা কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলতে চাই। মিয়ানমারে যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে। বিষযটি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটতে দেবো না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে, মূল সমস্যাটা সমাধন করতে হবে। আমরা মনেকরি রোহিঙ্গা পুশইন বা পুশআউট কোনো সমাধান নয়। এর দীর্ঘস্থায়ী সমাধান দরকার। এটা তাদেরকেই (মিয়ারমার) করতে হবে। আমার সতর্ক অবস্থানে রয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছি।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান কোস্ট গার্ডের মহাপরিচালক।
এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

