মোঃ রবিউল ইসলাম,সরিষাবাড়ী,জামালপুর,প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের ইউপি সদস্যের বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি, রামদা, চাপাতি, ছুরি ও জাল পাসপোর্টসহ তাদের আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্যের দুই সহযোগী হলেন, টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনা গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুরের কোম্পানি কমাণ্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত ১১টায় ভবানীপুর আ. রাজ্জাকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এসময় তার ঘরের পশ্চিমপাশের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, দুই রাউণ্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি জাল পাসপোর্ট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব অস্ত্রসহ ওই ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করেছে র্যাব। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

