নিজস্ব প্রতিবেদক
শীত-বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা।
চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরের রিকশা চালক মোহাম্মদ আলী জানান, ‘এই শীতি খুব কষ্ট হচ্চি। আজ আবার পানি হয়িচে। শীত আরু বেড়ি গিয়িচে। কুনু ভাড়া হচ্চি না।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে শেষ হয় সকাল ৮টা ১০ মিনিটে। এ সময় মোট ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

