একাত্তর বাংলাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শত শত শিশুর তুলির আঁচড়ে ফুটে উঠলো ৫২’র ভাষা আন্দোলন আর স্বাধীনতার ইতিহাস।
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি বাঙালির ইতিহাস জানতেও শিশুদের উদ্বুদ্ধ করবে বলে মনে করেন অভিভাবকরা।
আয়োজকরা বলছেন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা নিয়ে শিশু মনের এমন অনুভূতি সবার মধ্যে দেশপ্রেম বাড়াবে।
এ যেনো তুলির আঁচড়ে কোনো গল্পবলা। শুক্রবার সকালে চারুকলার বারান্দাজুড়ে ৫ শতাধিক শিশু তাদের চোখে ভাষা আন্দোলনের গল্প লিখতে শুরু করে, সাদাকালো আর রঙিন ক্যানভাসে।
ভাষার দাবিতে স্লোগান, মিছিল , শহীদ মিনার, রক্ত এমন খণ্ডচিত্র ফুটে ওঠে, ছোট ছোট হাতের তুলি আর রং পেন্সিলের আঁচড়ে। কখনো শহীদ মিনারে ভাই হারানোর শোক ফুটে উঠছে, কখনো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন পাক সেনাদের বিরুদ্ধে, আবার কখনো বিজয়ের খুশিতে আত্মহারা বাঙালি।
শিশুরা বলে, ভাষা আন্দোলনের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেই আন্দোলনকে ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা।
অভিভাবকরা বলেন, এ আয়োজন শিশুদের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ বাড়াতে সাহায্য করবে।
এবার দেশের প্রতিটি বিভাগীয় শহরে এ আয়োজন করা হয়েছে। এতে শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের প্রভাব দেখে অভিভূত আয়োজকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, যে ছবি আঁকতে পারে, সে লিখতেও পারে। আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কার ইতিহাস জানা।
আসছে ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চারুকলার ছাত্রছাত্রীদের শিল্পের পাশাপাশি শিশুদের এসব চিত্রাঙ্কন শোভা পাবে বলে জানানে হয়েছে।

