একাত্তর বাংলাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার দিনেই নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন তার সহকারী শিমুল বিশ্বাস। এর পরদিনই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। এবার তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিল আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মতিঝিল থানার একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

