একাত্তর বাংলাঃ ক্লাব ফুটবল থেকে ছুটি মিলেছে কয়েকদিনের। তবে মাঠের ফুটবল থেকে ফুরসত মেলেনি কারোরই।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য শুক্রবার থেকে প্রীতি ফুটবল ম্যাচের মেলা বসতে যাচ্ছে দুনিয়া জুড়ে। সেখানে প্রথম দিকেই মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
আরেক ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড এবং গ্রিস। ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।
নেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। ইপিএল, লা লিগা, সিরিআ’তেও চলছে ছুটির আমেজ। সপ্তাহান্তে এসে কোন ম্যাচ না দেখতে পারার হতাশা পেয়ে বসেছিলো তাবৎ বিশ্বের কোটি দর্শকদের।
সব হতাশা মুছে গিয়ে এখন সেখানে দেখা দিয়েছে খুশির ঝিলিক। ছুটির রাতে মাঠে নামছে বিশ্বের বাঘা বাঘা সব দল। তবে ক্লাব জার্সিতে নয়, মার্সেলো, জেসুসদের গায়ে থাকবে জাতীয় দলের জার্সি। উপলক্ষ রাশিয়া বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রস্তুতিটা সবচেয়ে ভালো হবে সম্ভবত ব্রাজিলেরই। কারণ, বিশ্বকাপের দেশেই স্বাগতিকদের মুখোমুখি হবে পেন্টা চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে তাই এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সেলেসাও বস তিতে। তবে ইনজুরি আক্রান্ত নেইমার কে না পাওয়ায় কিছুটা চিন্তার ভাঁজ তো থাকবেই।
তিতেকে স্বস্তি দেবে দুদলের অতীত ইতিহাস। আগের ৫ বারের দেখায় কখনোই হারেনি ব্রাজিল। ৩ জয়ের বিপরীতে ড্র আছে দুটি। আর নিজ নিজ লিগে দারুণ ছন্দে আছেন জেসুস, উইলিয়ান, কৌতিনহোরা। চোখে লাগার মতো পারফরম্যান্স দেখিয়েছেন ফিরমিনো ও পাওলিনিওরাও।
এদিকে নেইমারহীন ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচের দুঃখ ভুলতে বদ্ধ পরিকর স্বাগতিকরা। যদিও, ইনজুরি বাঁধায় ভালোই বিপর্যস্ত রাশান শিবির।
ইউরোপিয় লিগ ফেরত বেশিরভাগ ফুটবলাররাই অসুস্থ হয়ে পড়ছেন প্রচন্ড ঠান্ডায়। তাই প্রতিপক্ষের সঙ্গে নিজ দেশের আবহাওয়াকেও সামলাতে হবে স্তানিসলাভ চেরিসচভকে।
রাতে আরেক ম্যাচে একবারের ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে আতিথ্য দেবে সুইজারল্যান্ড। বাসেলে ম্যাচের আগে বেশ ফুরফুরে দুদলের ফুটবলাররাই। বাছাইপর্বের ফর্মটাকেই প্রীতি ম্যাচে নিয়ে আসতে বদ্ধ পরিকর তারা।
তবে ইতিহাসের দিকে তাকালে মুখে হাসি ফুটে উঠবে লা নাটি কোচ ভ্লাদিমির পেতকোভিচের। মুখোমুখি দেখায় গ্রিসের ২ জয়ের বিপরীতে, সুইসদের দখলে যে ৫ জয়।
তাই দিন শেষে অসাধারণ দুটি ম্যাচ দেখার আশা করতেই পারেন সমর্থকরা।

