একাত্তর বাংলাঃ কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যান ওবায়দুল কাদের। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও তার সঙ্গে ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, এ হামলার ঘটনায় ইতিমধ্যেই অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
এসময় ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের অন্তরালে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে অন্ধ বিদ্বেষ অনুপ্রবেশ ঘটেছে। এটা প্রমাণের অপেক্ষা রাখে না। বর্বরতার সঙ্গে যারা জড়িত কোন অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না। তদন্ত চলছে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের বিচার করতেই হবে। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে পারে।’

