একাত্তর বাংলাঃ ময়মনসিংহ-৪ (সদর) আসনে গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগে মামলা করেছেন সদর আসনের (ধানের শীষ) বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক।
রোববার দুপুরে হাইকোর্টের নির্বাচনী ট্রাইবুন্যালে সকল তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি এই মামলা দায়ের করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র ধানের শীষ এর প্রার্থী আবু ওয়াহাব আকন্দ গণমাধ্যেমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, বিগত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন কোনো নির্বাচন নয়। পূর্বপরিকল্পিত এ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে ভোট ডাকাতি করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ নির্বাচনের ভোট বাতিল করে এবং সংসদ ভেঙে দিয়ে পুনর্নির্বাচনের দাবি করেন ।
ব্যারিস্টার আতিকুর রহমান এই মামলায় ওয়াহাব আকন্দের আইনজীবী হিসেবে আছেন । তিনি জানান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশে দৃশ্যমান ব্যালট কারচুপি ও ভোট ডাকাতি হয়েছে। ফলে তথ্য প্রমাণসহ আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি এবং শুনানির অপেক্ষায় আছি ।

