এস এম আকাশঃ ময়মনসিংহ ডিবি’র বিশেষ অভিযানে ৭ অস্ত্রধারী ডাকাত ও ১ মাদক ব্যবসায়ীসহ মোট গ্রেফতার করা হয় ৮ জনকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি পাইপগান, ২টি গুলি, ১টি চাপাতি, ৫ টি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
১২ মার্চ ময়মনসিংহ ডিবি’র ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোতোয়ালী থানাধীন বারেরা নিজাম নগর থেকে অস্ত্র গুলিসহ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রধারী ডাকাতদল ফরহাদ (২৪), রফিকুল ইসলাম জয় (২৫), মোঃ সানি (২৩), সরোয়ার হোসেন শিপু (৩২), মোঃ মাসুম মিয়া (৩০), মোঃ নবী হোসেন (৩৫) এবং হোসেন রিফাত (২০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১ টি পাইপগান, ০২টি গুলি, ০১টি চাপাতি এবং ৫টি চাকু।
একই দিনে অপর এক অভিযানে এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। কোতোয়ালী থানাধীন সারদা ঘোষ রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাঈম আহম্মেদ সিয়াম (২২)কে গ্রেফতার করা হয়।

