একাত্তর বাংলাঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। এলাকায় গরুর ফার্মে ডেকে এনে প্রতিবেশি সেলিম (৪০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে পুলিশ কর্মকর্তার ছেলে রিয়াদের বিরুদ্ধে।
অভিযুক্ত রিয়াদ জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী’র সন্তান । এ ঘটনায় পুলিশ কর্মকর্তার মাকে আটক করেছে পুলিশ। তবে অন্য আসামিরা পলাতক রয়েছে। নিহত সেলিম উপজেলার আন্ধারিয়া পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিহত সেলিমের স্ত্রী ফাতেমা খাতুন বাদি হয়ে এস.আই পুত্র রিয়াদকে প্রধান আসামি ও আরও অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখ করে ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সূত্রমতে, ফুলবাড়িয়া উপজেলার মধ্য আন্ধারিয়া পাড়া গ্রামের বাসিন্দা ও জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী’র পুত্র রিয়াদ (১৯) মাদকাসক্ত বখাটে । লেখাপড়ায় তালবাহানা করায় বাবা নিজের ভাবমূর্তি রক্ষার্থে নিজ বাড়ির কাছে একটি গরুর ফার্ম করে দেন। সেই প্রজেক্টে ৮/৯ টি বিভিন্ন জাতের গরু লালন-পালন করছিল সে। সেখানে সেলিম ও রিয়াদ গংরা নিয়মিত নেশা করতো। প্রতিদিনকার মতো গত শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সেলিমকে রিয়াদের গরুর ফার্মে ডেকে এনে মুখে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়।
পরে, এস আই মোহাম্মদ আলী গুরতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর সেলিমের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৮টার দিকে সেলিম মৃত্যুবরন করেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা তদন্তে হত্যার রহস্য বের করা হবে।
তিনি জানান, এ ঘটনায় রিয়াদের দাদি ফিরোজা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রধান আসামিসহ অন্যরা সবাই পলাতক। তবে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সূত্রঃ Breaking news.com ।

