একাত্তর বাংলাঃ বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী টিপু মুনসি এমপি বলেছেন, তরুণরাই পারে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে। উন্নত বাংলাদেশ গড়তে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। কেননা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তির বিকল্প নেই। এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে এবং সততা ও দক্ষতাকে পূজি করে ঝুকি নিতে হবে উদ্যোক্তা হতে। মানসিক দৃঢ়তা মানুষকে এগিয়ে নিয়ে যায়।
রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যটন মোটেল রংপুরে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, এরই লক্ষে বর্তমান প্রজন্ম ও আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে। সেই দায়িত্ব বর্তমান তারুণ্যের।
রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের তত্বাবধান ও পরিচালনায় দিনব্যাপী এই কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশন এর সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। দিনব্যাপি কর্মসুচীর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার তরুণ উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ এতে অংশ নেন।

