একাত্তর বাংলাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে ভোট দিলেন সংগীত শিল্পী শাফিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মানারাত স্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
এসময় তিনি বলেন, আমি কয়েকটা কেন্দ্র ঘুরেছি। তার মধ্যে আমি এখানে কোন অনিয়ম দেখিনি কিন্তু অন্যকেন্দ্রগুলোতে অনিয়ম দেখতে পেয়েছি। আরো কেন্দ্রগুলো দেখতে চাই। সবগুলো দেখে আপনাদের বিকেলে একটা ভাল বিষয় জানাতে পারবো।
আশাবাদী বা হতাশ হওয়ার এখন সময় হয়নি। এখন সময় শেষ হয়নি। ভোটাররা ধীরে আসছে। তাদের ভোট দেয়া হোক। পরে জানা যাবে। তবে ভোটারের উপস্থিতি কম। সে ব্যাপারে আমার কাছে কোন ব্যাখা নেই।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তেমনটা উত্তাপ নেই ভোটের মাঠে।
মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ আর মহিলা ভোটার ১৪ ণাখ ৭২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ২’শ ৯৫টি। একইসঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে।
এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

