একাত্তর বাংলাঃ পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতীয় সিআরপিএফের ৪৫ সদস্যের মৃত্যুর জেরে মুখোমুখি যুদ্ধাবস্থানে দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান।
ওই ঘটনার ১৩ দিনের মাথায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতের যুদ্ধ বিমান। ভারতের দাবি পাকিস্তানের ৩০০ জঙ্গীকে শেষ করে দিয়েছে তারা। পাকিস্তান বলছে, তাদের ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় বিমানগুলো।
জবাবে পরদিনই ভারতের যুদ্ধবিমানকে গুলি করে নামায় পাকিস্তান এবং ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে আটক করে ভিডিও ছেড়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত জাতির সামনে ভাষণ দিতে এসে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আহ্বান জানিয়েছেন আলোচনার টেবিলে বসে সমাধানের জন্য। যুদ্ধ লাগলে নিয়ন্ত্রণ কারো হাতে থাকবে না উল্লেখ করে ইমরান খান বললেন, হিটলারও জানতেন না যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হবে।
অন্যদিকে ইমরানে খানের সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম সোশ্যাল মিডিয়ায় এসে হাজির হলেন ভিন্ন এক শান্তির বার্তা নিয়ে।
ভারতের কাছে তিনি বার্তা তুলে ধরলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি তোমাদের আবেদন করছি, হে ভারত, পাকিস্তান তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু আমাদেরও শত্রু। আর কত রক্তক্ষয় হলে আমরা বুঝতে পারবো, দু’পক্ষকেই একই সঙ্গে একই যুদ্ধক্ষেত্রে লড়াই করা উচিৎ? যুদ্ধে জঙ্গিদের পরাজিত করতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।’

