একাত্তর বাংলাঃ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক নারীর বিরুদ্ধে তার মায়ের মরদেহ টানা ৪৪ দিন কম্বলের তলায় চাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে।
এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জো হুইটনি আউটল্যান্ড নামক ৫৫ বছর বয়সী ওই নারী তার মা রোজমেরী আউটল্যান্ড (৭৮) এর মরদেহ তার বাড়িতে একটি রুমে তালাবদ্ধ করে ৫৪ টি কম্বলের তলায় চাপা দিয়ে টানা ৪৪ দিন রাখেন।
ব্রিস্টল পুলিশের সার্জেন্ট জো হুইটনির লেখা এক চিঠির সূত্রে বলেন, রোজমেরী আউটল্যান্ড মারা যান ২০১৮ সালের ডিসেম্বরের ২৯ তারিখ। তার মা মারা যাবার পর জো হুইটনি তার মায়ের মৃতদেহ একটি রুমে কম্বল চাপা দিয়ে তালাবন্ধ করে রাখেন এবং বাড়ির ভেতর আত্মীয়স্বজনদের প্রবেশ আটকে দেন। বাড়ির ভেতর থেকে যাতে মরদেহের গন্ধ না বেরোয় সেজন্য তিনি ৪৪ দিনে ব্যবহার করেন ৬৬ টি এয়ার ফ্রেশনার। জো এই ৪৪ দিন ঘুমিয়েছেনও তার মায়ের মরদেহের পাশে।

