একাত্তর বাংলাঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আলমগীর হোসেন শেখ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত রোববার আলমগীর এবং প্রতিবেশী নজরুলের সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে।
উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালালে আলমগীর (৫০) মনু শেখ (৪৮) চন্নু শেখ (৪৫) ও সাদেক শেখ (৪৮) মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের ভাই চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

