একাত্তর বাংলাঃ সংশোধিত নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে ভারতের মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে ছয় নারী আহত হয়েছেন।
ভারতের এই বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে গতকাল রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানী ইমফালের ইমা কিথেল মার্কেটের সামনে জড়ো হন কয়েক হাজার নারী। এ সময় তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে ছয় বিক্ষোভকারী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৮ জানুয়ারি ভারতের লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাসের পর থেকেই বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে আসছে আসাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের মানুষ।

