বয়স হলেও মাথা ঠিক আছে সমাবেশে জানালেন এরশাদ
একাত্তর বাংলাঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে বক্তব্য প্রদানের শেষের দিকে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অনেক কথা বলেছি, সব কথা বলেছি, বয়স হয়েছে, মাথা ঠিক আছে কোনো ভুল হয়নি।
এরশাদ বলেন, নির্বাচনকালীন সময়ে আমরা যারা মন্ত্রিসভায় আছি তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আমরা সাধারণ কাজ করব। আমরা নির্বাচনে হস্তক্ষেপ করব না। নির্বাচন করবে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমাবেশ শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশের কোথাও শান্তি নেই , কোথাও নিরাপত্তা নেই। আমরা ক্ষমতায় গিয়ে নিরাপত্তা দিব, চাকরি দিব। দেশের সব লুটপাট হচ্ছে। ক্ষমতায় যাবার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি আছে। আমরা ক্ষমতায় গিয়ে দেশের সব বিশৃঙ্খলতা নির্মূল করবো।
নির্বাচন প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে জাতীয় পার্টি ইতিহাস গড়বে।
নির্বাচন দিবে নির্বাচন কমিশন, এখানে আমাদের কোনো হাত নেই তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেও জানান জাতীয় পার্টির এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের বক্তৃতা দেবার আগে মঞ্চে বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এমপি রওশন এরশাদ।
বক্তৃতায় তিনি, জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির উল্লেখযোগ্য নেতারা।

