একাত্তর বাংলাঃ সুনামগঞ্জে রাণীগঞ্জ আঞ্চলিক সড়কের নাদামপুর বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। বিকল্প ডাইভারসন সড়ক নির্মাণের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে, দ্রুত গতিতে কাজ চলছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত ২১শে ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার নাদামপুর বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে।
এতে সুনামগঞ্জের সঙ্গে জগন্নাথপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় একজন বলেন, ‘গাড়ী যায় না, মানুষও পার হবার যায় না। আমরা খুব অসুবিধায় আছি।’
সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে বিকল্প অস্থায়ী ও স্থায়ী ডাইভারসন সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
সুনামগঞ্জের ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে পারবো।’
এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী ডাইভারসন সড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলছে। তবে, অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, দ্রুত গতিতে চলছে নির্মাণকাজ।

