একাত্তর বাংলাঃ বুধবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নৌবাহিনীর কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে দুপুরে পটিয়ায় জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
পটিয়ায় শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী থেকে শুরু করে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর পটিয়ায় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
জনসমাবেশ শুরুর আগে, চট্টগ্রামের উন্নয়নে গৃহীত ৪১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণ, কর্ণফুলী নদীর নাব্য বৃদ্ধি, বিদ্যুৎ সমস্যা নিরসনসহ নানা প্রকল্প রয়েছে।
এর আগে সকালে নৌবাহিনীর বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন ও বিএম ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্বীকৃতি প্রদান করবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘প্রায় তিন হাজার ফোর্স এখানে মোতায়েন থাকবে। এক হাজারজন বাইরে থেকে আসবে। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আসবে।
বিভিন্ন জায়াগা থেকে অফিসাররা থাকছে। ভেন্যু, হেলিপ্যাড, রোড- আমরা চেষ্টা করছি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য, যাতে পুরো জিনিসটা আমরা তদারকি করতে পারি।’

