একাত্তর বাংলাঃ ভারতের বিহার রাজ্যে পাকাদুয়া প্রথাটি যথারীতি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার ছেলেদের কাছে। কারণ কোনো ভালো, দেখতে সুন্দর বা প্রতিষ্ঠিত ছেলেকে অপহরণ করে নিজেদের মেয়ের সঙ্গে বিয়ে দেবার নামই ‘পাকাদুয়া’।
সম্প্রতি বিহার রাজ্যে পাকাদুয়ার বিস্তার ঘটছে জ্যামিতিক হারে। পাকাদুয়ার প্রথার পিছনের কারণও বেশ অদ্ভুত। বিহারে যৌতুক প্রথার চলন আর দশটা রাজ্যের চেয়ে অনেক বেশি। কোনো মেয়েকে ভালো প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইলে মেয়ে পক্ষকে গুনতে হয় মোটা অঙ্কের টাকা।
এ যৌতুকের হাত থেকে বাঁচতে মেয়ের আত্মীয় স্বজন কোনো প্রতিষ্ঠিত ছেলেকে তুলে নিয়ে বন্দুকের ভয় দেখিয়ে জোর করে মেয়ের সঙ্গে বিয়ে দেন।
এক সমীক্ষায় জানা যায়, ২০১৭ সালের ৩ হাজার ৪৪৫ জন যুবককে এ ভাবে অপহরণ করে বিয়ে করানো হয়। গত কয়েক বছরে সংখ্যাটা ৩ হাজারের আশপাশে অবস্থান করছে। এবার বিহার পুলিশ এ বিষয়টি রুখতে সতর্কতা জারি করেছে।
সম্প্রতি বিহারে এক প্রকৌশলীকে তুলে নিয়ে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে দেয়া হয়। কিন্তু বাড়ি গিয়ে ওই যুবক বৌকে মানতে রাজি হননি। এ ঘটনা নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়।

