রাশেদ সরকারঃ বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীরদের অক্সিজেন সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মুমূর্ষু করোনা রোগীদের বাঁচানো যাচ্ছে না বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেনের অভাবে এর মধ্যে একাধিক মুমূর্ষু করোনা রোগী মারা যায়। এ ছাড়া সেখানে মুমূর্ষ অবস্থায় করোনা রোগী ভর্তি আছেন।
মোহাম্মদ আলী হাসপাতালে রোগীদের অক্সিজেন সরবরাহে হাই ফ্লো নাজাল ক্যানুলা ছিল মাত্র দুটি। সেই সাথে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে চাপ বেড়ে যায়। হাসপাতালে রোগীর চাপের কারনে অন্তত ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রয়োজনের বিপরীতে মাত্র ছিল দুটি। চাহিদা অনুযায়ী রোগীদের অক্সিজেন সরবরাহ না থাকার ফলে শ্বাসকষ্টে থাকা রোগীদের বাঁচানো কঠিন হয়ে পড়ে।

করোনাভাইরাসের কারণে বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মোহাম্মদ সিরাজ কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৪ জুলাই (রবিবার) নিজস্ব অর্থায়নে জেলা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে ২টি হাই-ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেন মেশিন ও আনুসাঙ্গিক সরঞ্জাম সিভিল সার্জন কার্যালয়ে বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী এর নিকট হস্তান্তর করেন।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া পৌরসভার মেয়র ও বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাব বগুড়া জেলার সভাপতি ডাঃ শাহ মোঃ শাজাহান আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইউনুস আলীসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তফিজুর রহমান (তুহিন), মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুরুজ্জামান সঞ্জয়, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুসহ চিকিৎসক বৃন্দ।

