একাত্তর বাংলাঃ বায়ুত্যাগের গন্ধ ছড়িয়ে পড়ায় বিমানে গণ্ডগোল বেধে যাওয়ায় মধ্যপথে ট্রানসাভিয়া এয়ারলাইন্সের ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সম্প্রতি দুবাই-আমস্টারডাম যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের বরাত দিয়ে নিউজ হাব জানিয়েছে, এক বৃদ্ধ ব্যক্তি ফ্লাইটে শব্দ করে বায়ুত্যাগ করছিলেন। বিমানে থাকা যাত্রীরা ওই ব্যক্তিকে বারবার না বলা সত্ত্বেও তিনি কারও কথার পরোয়া না করে একই কাজ করে যাচ্ছিলেন তারা।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এরপর বিমানটির পাইলট নিজে তাকে না বললেও তিনি কথা কানে নেননি। এরপর চারজন ব্যক্তি বিমানে গণ্ডগোল পাকিয়ে ফেলেন। পরবর্তীতে বিমানটি ভিয়েনাতে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।
পরবর্তীতে ওই চার যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয় পুলিশ। ভবিষ্যতে তারা আর ওই এয়ারলাইন্সের বিমানে উঠতে পারবেন না বলেও জানানো হয়।
তবে বায়ুত্যাগ করায় অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি।

