একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের সদর উপজেলায় পারিবারিক বসতভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
গত রোববার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ আদালতের নির্দেশে এই মামলাটি এফআরআই হিসাবে তালিকাভুক্তি করে।
এর আগে গত ১৮ অক্টোবর রাতে সদর উপজেলার ৭ নম্বর চরনিলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর গ্রামে বড় ভাই আ: মোতালেব, আবুল হাসেম ও তাঁর ছেলেরা মিলে ছোট ভাই মো: আফজাল হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর দুই ছেলেকে বেধরক মারধর করে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করলে থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে সত্যতা পায়। এরপর অভিযোগটি ননএফআইআরভুক্ত করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
এই মামলায় আবুল হাসেম (৬৫), তাঁর ছেলে শামীম মিয়া (২৫) এবং আবুল হাসেমের অপর ভাই আব্দুল মোতালেব (৬২) কে আসামি করা হয়।
বাদির অভিযোগ, আসামিরা জোরপূর্বক আমার সাফ কাওলা জমি ও বসতভিটা দখলে নেওয়ার জন্য পূর্বপরিকল্পিতভাবে আমাদের মারধর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করায় বর্তমানে আসামিরা আমাদের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো: আবুল কাশেম বলেন, অভিযোগ তদন্ত করে আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান চলমান আছে।

