মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বন্যা পরবর্তী অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি।
একবার দুইবার নয় চারবার বৃদ্ধি পাওয়া বন্যার পানিতে ভেসে গেছে সরিষাবাড়ীর চরাঞ্চলের অনেক ফসলি জমি, বাড়িঘর, ভেঙ্গে গেছে রাস্তাঘাট, ব্রীজ। আর বিচক্ষণ প্রধানমন্ত্রী সফলতার সাথে সকল ক্ষয়ক্ষতির দিকে নজর রেখে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন ভালবাসার উপহার হিসেবে ত্রান সামগ্রী, নগদ অর্থ, বিভিন্ন ধরনের ভাতা, গো-খাবার, এমনকি ঘর পর্যন্ত নির্মাণ করে দিচ্ছেন সরকারী অনুদানে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত ১১৫ টি পরিবার ও তিনটি মসজিদে ১২০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন তথ্যপ্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই মুজিব বর্ষে ১ টি পরিবারও গৃহহীন থাকবে না, অনাহারী থাকবে না। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আওয়ামীলীগ সরকার শুধু কথায় বিশ্বাস করে না তা কাজে প্রমাণ করে। আমরা প্রধানমন্ত্রীর সন্তান, তার গোলাম, প্রজাতন্ত্রের চাকর। তার কথা অনুযায়ী আমরা গরীব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি এবং পাশে থাকব।
এ সম্পর্কে উপজেলা অফিসার শিহাব উদ্দিন আহমদ তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে ধন্যবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে বলেন আজ আপনাদের এলাকায় একজন সংসদ সদস্য আছে বলেই আপনারা এতোবেশি সরকারী প্রণোদনা পাচ্ছেন। আপনারা দোয়া করবেন উনি যেন আরো বেশি সরকারি উপহার আপনাদের জন্য নিয়ে আসতে পারে।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান সহ আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ।

