মতিন রহমান ॥ সারাদেশের ন্যায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ই নভেম্বর ) সকাল ১০টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। দাবি না মানা পর্যন্ত চলবে তাদের কর্মবিরতি।
তাদের দাবি স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে।
কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইয়াছমিন আরা,স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম, শাহীনা সিদ্দিকা,রফিকুল ইসলাম,রাফিউল ইসলাম,রবিউল ইসলাম,কুতুব উদ্দিন,মেহেরুন নেছা,শাহনাজ আক্তার, খাতুনে জান্নাত,গোলাম ইমতিয়াজ আহম্মেদ,খাইরুল ইসলাম,হুমায়ুন কবীর,রুমা,রেজাউল করিম,সানোয়ার হোসেন,প্রদীপচন্দ্র দাস,তাহিরুল ইসলাম, মোজাম্মেল হক,শফিকুল ইসলাম,সিরাজুল ইসলামসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যন্ট এসোশিয়েশন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ বলেন, এটা স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা,২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজ অবধি আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। তাই সারাদেশের ন্যায় বকশীগঞ্জেও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি শুরু করেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যহত থাকবে।

