মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জে দিন দুপুরে গলা কেটে অটোভ্যান ছিনতাই ঘটনার মূল আসামী সজীব ওরফে ছুল্লা (২০)কে গ্রেফতার করছে পুলিশ। সেই সাথে ছিনতাইকৃত অটো ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জামালপুর সদর উপজেলার সাহাপুর গোরস্থান সংলগ্ন চৌরাস্তার মোড়ে ছিনতাইকৃত ভ্যান বিক্রি করা অবস্থায় হাতেনাতে সজীবকে গ্রেফতার করে জামালপুর পুলিশ। সজীব বকশীগঞ্জ পৌরসভার কাগমারীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
জানা যায়,গত মঙ্গলবার (৩০ মে) বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ পৌরসভা এলাকার কাগমারীপাড়া গ্রামের ভূতবাড়ি নামক স্থানে আরিফ মিয়া (১৬) নামে অটো চালককে গলা কেটে অটো ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। গলা কাটা অবস্থায় স্থানীয় লোকজন আরিফ মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ স্থাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় । অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আহত আরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আরিফ বর্তমানে মুমূর্ষ অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে ভর্তি আছেন ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ভিকটিম আরিফ (১৬) কে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। ডাক্তার আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে পুলিশ পাহারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে পুলিশি তৎপরতায় ভিকটিম আরিফের পরিচয় পাওয়া যায়।অপরাধীদের ধরতে পুলিশ বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছিল।এমতাবস্থায় বকশীগঞ্জ পৌর শহরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি সজিব ওরফে ছুল্লাকে ভিকটিম আরিফের সাথে দেখা যায়। অপরদিকে এই ঘটনার পর থেকেই জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলায় অটোভ্যান বেচাকেনার উপর নজর রাখা হয়। যার ফলশ্রুতিতে ছিনতাইকৃত অটো ভ্যানসহ ছিনতাইকারী সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
গলা কেটে অটোভ্যান ছিনতাই ঘটনার মূল আসামীকে দ্রুত গ্রেফতার করায় জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জনগনের কাছে প্রসংশিত হয়েছে।

