একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রিমিয়ার লিগের ৩য় রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৪ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামালকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে রূপগঞ্জের ব্যাটাররা। স্কোরবোর্ডে যখন ৯ রান সেই সময়ে ২ উইকেট হারিয়ে তখন ধুঁকছে তারা। ক্রিজে ওপেনার মজিদের সঙ্গে পাকিস্তানী রিক্রুট সামি আসলাম।
দলের রান ৫০ পেরুতেই নেই সামি। আসলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নাঈম ইসলাম। দুজনে মিলে গড়লেন শতরানের জুটি। আউট হয়ে ফেরার আগে মজিদের ব্যাট হাসলো ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরিতে। নাঈম পেলেন ফিফটি। ৫০ ওভারের কোটায় দলের রান ২৩৯।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন মেহেদী মারুফ। এরপরের ব্যাটসম্যানরা আসলেন, তবে দ্রুতই ফিরলেন প্যাভিলিয়নে। একপাশ থেকে ফিফটি হাঁকিয়ে চেষ্টা করে যান আল আমিন। সতীর্থদের ব্যর্থতায় লড়াই থামে ২১৫ রানে।
বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শেখ জামাল। সৈকত আর রাকিনের ফিফটিতে বড় স্কোরের পথে এগুতে থাকে ধানমন্ডি পাড়ার দলটি। তাদের বিদায়ে ভেঙ্গে পড়ে মিডল অর্ডার। তবে সোহানের দায়িত্বশীল ফিফটিতে ২৮৭ রানে থামে জামাল।
ব্যাট করতে নেমে শুরুতেই জনির উইকেট হারিয়ে বিপাকে মোহামেডান। সব শঙ্কা উড়িয়ে দেন সালমান বাট এবং শামসুর রহমান শুভ। জুটির ১১৯ রান আর বাটের ব্যক্তিগত ৮১ রান জয়ের পথ সহজ করে মোহামেডানের। রকিবুলের ফিফটির সঙ্গে শুভর সেঞ্চুরিতে, সহজেই জয়ের বন্দরে পৌঁছায় মতিঝিল পাড়ার দলটি।
টসে জিতে বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ব্যাটিংয়ে নামে প্রিমিয়ার লিগের নবাগত দল শাইনপুকুর। দলীয় ২৭ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় দলটি। ওখানেই শেষ, ভারতীয় উদয় কৌল এবং অনূর্ধ্ব-১৯ দলের হৃদয়ের ব্যাটে পথ খুঁজে পায় তারা। হৃদয়ের হার না মানা সেঞ্চুরি এবং উদয়ের ফিফটিতে দলীয় স্কোর দাঁড়ায় ২৬৪।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ব্যাংক পাড়ার দলটি। আজমিরের ফিফটিতে চলতে থাকে লড়াই। মিডল অর্ডার দাঁড়াতে না পারলেও, টিকে যান ধীমান ঘোষ ও সালমান। দুজনের ফিফটি ছাড়ানো ইনিংসে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক।

