একাত্তর বাংলাঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই প্রতিবন্ধী সাত মাসের অন্তঃসত্ত্বা। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ।
এর আগে গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ফরহাদ উদ্দিন ফরিদ ও সুজাতা বেগম নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে চরঈশর ইউনিয়নের গামছাখালী গ্রামের ওই প্রতিবন্ধী নারীকে স্থানীয় ইউপি সদস্যের ভাই ফরহাদ উদ্দিন ফরিদ তাদের পাশের বাড়ির এক গৃহবধূ সহযোগিতায় তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এর কিছুদিন পর ফরহাদ পুনরায় ওই প্রতিবন্ধীকে সুজাতার ঘরে নিয়ে আবারও ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে শালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা করে দিবে বলে অপেক্ষা করতে থাকে অভিযুক্তরা।
পরবর্তীতে কোনো সমাধান না পেয়ে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভিকটিমের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ জানান, স্থানীয় একটি ক্লিনিকে ভিকটিমকে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত দুই জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

