সুমন ভৌমিকঃ মেধা ও যোগ্যতা সম্পন্ন পুলিশ অফিসার খন্দকার শাকের আহমেদ নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র নবাগত অফিসার ইনচার্জ পদে যোগদান করেই জেলায় ব্যাপক সফলতা অর্জন করে চলেছেন। তিনি এর আগে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অপারেশন ও তদন্ত ওসি এবং ঈশ্বরগঞ্জ থানায় কিছুদিন তদন্ত ওসি হিসাবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সততা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে তিনি ময়মনসিংহ সদরের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

ইন্সপেক্টর শাকের নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেই গত নভেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সর্বোচ্চ মাদক উদ্ধারে অবদান রাখায় জেলায় শ্রেষ্ট পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পান। ১২ ডিসেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবার আলী মুন্সী নভেম্বর এর মাসিক অপরাধ সভায় নবাগত ডিবি ওসি খন্দকার শাকের আহমেদ এর হাতে পুরস্কার তুলে দেন। ইন্সপেক্টর শাকের অপরাধ নির্মুলে বিশেষ অবদান রাখায় এর আগেও ময়মনসিংহ রেঞ্জ ও ময়মনসিংহ জেলায় বহুবার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পেয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকও অর্জন করেছেন।

ইন্সপেক্টর শাকের নেত্রকোনা জেলার পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ডিবি ওসি হিসাবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মাদক বিরোধী সচেনতামূলক সভাসহ নানা কর্মসূচী পালন করছেন। তিনি মাদক, জুয়া, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সকল অপরাধ নির্মুলে কাজ করে যাচ্ছেন।

নেত্রকোনা’র ডিবি ওসি শাকের আহমেদ মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে। তিনি নেত্রকোনা ডিবিতে যোগদানের পর বিভিন্ন সময়ে তার নেতৃত্বে আটপাড়া থানার সুনই এলাকা থেকে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও দুর্গাপুর থানার ইন্দ্রপুর এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পূর্বধলা থানার জালশুকা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও কলমাকান্দা থানার গোবিন্দপুর এলাকা থেকে ৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।

এছাড়া নেত্রকোনা সদর থানার রায়দুম রুহি এলাকা থেকে ৬০০ গ্রাম গাঁজা, কেন্দুয়া-আটপাড়া থানার এলাকা থেকে ৫ কেজি গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং আটপাড়া থানার নারাচাতলা এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।

এছাড়াও কলমাকান্দা থানার হরিনাকরি এলাকা থেকে ৪১ হাজার ভারতীয় রুপিসহ নাসিরুদ্দিন টুটুলকে গ্রেফতার করেন এবং দূর্গাপুর থানার দাহাপারা এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
নেত্রকোনা জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর কাছে পুরস্কার পাওয়ার অনুভূতি’র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যারের দিকনির্দেশনায় সর্বোচ্চ মাদক উদ্ধারে সক্ষম হয়েছি। জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে কাজ করে যাচ্ছি। পুরস্কার পাওয়ার অনুভূতিই আলাদা!

তিনি বলেন, নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা থেকে নভেম্বর/২০ মাসে জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করি। এ কৃতিত্ব শুধু আমার একার নয়। তিনি ধন্যবাদ জানান টিম ডিবি নেত্রকোনার সকল অফিসার ও ফোর্সদের।
এসময় তিনি বলেন, মাদকের ব্যাপারে আমার অবস্থান কঠোর। অপরাধী যে কেউ হউক না কেন ছাড় কাওকে দেয়া হবে না। নেত্রকোনা জেলার নবাগত ডিবি ওসি খন্দকার শাকের আহমেদ জেলার আইনশৃঙ্খলা’র সার্বিক পরিস্থিতি ভাল রাখতে নেত্রকোনাবাসীর সহযোগিতার কামনা করেছেন।

