একাত্তর বাংলাঃ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই বিএনপি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশে সংঘাত উস্কে দিচ্ছে।’
শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘একটা মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য একটা জনসভা করতে চেয়েছিলাম কিন্তু এই অবৈধ সরকার অনুমতি দেননি। তাই কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরে আজ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিলাম। সেটা ছিল একটা শান্তিপূর্ণ। তবে বিনা উসকানিতে আমাদের এই কর্মসূচিতে বাধা দেয়। পরে পুলিশ বেপরোয়া ভাবে গ্রেফতার করে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিনা উসকানিতে আক্রমণ চালিয়ে আবার প্রমাণ করলো দেশ এখন দু:শাসনে বন্ধী আছে। গণতন্ত্রের নিশানাকে নিশ্চিন্হ করার জন্যই সরকার এই অগনতান্ত্রিক ও দমনমূলক পন্থা অবলম্বন করেছে।’ এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান।
দলটির মহাসচিব আটককৃত নেতাকর্মীকে নি:শর্ত মুক্তি দাবি ও আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।
সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য মন্ত্রীরা বলছেন, বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচির পেছনে একটা ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিবে।
তিনি আরো বলেন, ‘আমরা একটা লক্ষ্য নিয়ে আন্দোলন করছি। আর হলো গণতন্ত্রের মুক্ত করা। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হয়।’

