একাত্তর বাংলাঃ ঘটনাটি ১৯৯৩ সালের। তরুণ শিল্পী নচিকেতা তখন তরুণ। বাজারে এলো তার নতুন গানের এলবাম ‘এই বেশ ভালো আছি’।
এই এলবামেই প্রকাশিত হলো নীলাঞ্জনা। স্কুলপড়ুয়া বয়সের মিষ্টি এই প্রেমের গান হৃদয় ছুঁয়ে গিয়েছিল সকল শ্রেণীর শ্রোতাদের। অনেকেই ভাবেন নচিকেতা তাঁর নিজের জীবনের ঘটনাকেই লিপিবদ্ধ করেছেন এই গানে।
এবার নচিকেতার এই গানটি নিয়েই নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মজার খবর হলো এই সিনেমার পরিচালক নচিকেতা নিজেই। অঞ্জন দত্তের গান নিয়ে নির্মিত সিনেমা ‘রঞ্জনা আমি আর আসব না’ গানটি নিয়ে এর আগে সিনেমা নির্মাণ হয়। সিনেমাটির প্রযোজনা করে রানা দত্ত। সিনেমাটি ২০১১ সালে একাধিক বিভাগে জাতীয় পুরস্কার পায়।
এরই ধারাবাহিকতায় রানা দত্ত গান নিয়ে সিনেমা বানানোতে আগ্রহী হয়ে ওঠেন। বলেন, ‘অঞ্জনের সাথে মিউজিকাল করেছি তবে নচিকেতার জনপ্রিয়তার সাথে কোন কারো কোন তুলনা চলে না।’
তবে প্রশ্ন রয়ে যায়, নচিকেতা তো কোনদিন নিজে সিনেমা নির্মাণ করেননি, তাহলে তিনি এই সিনেমাটি পরিচলানা করবেন কীভাবে? এর উত্তরে তিনি বলেন, প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলেও জীবনে বহু সিনেমা দেখেছি। আরেকটি বিষয়ে প্রশ্ন আসে, সিনেমাটি কি নচিকেতার আত্মজীবনী? এর উত্তরে তিনি বলেন, না ওই অর্থে আত্মজীবনী নয় তবে আমার জীবনের নানা ঘটনা এই সিনেমায় যুক্ত হবে। নীলাঞ্জনা চরিত্রে কে অভিনয় করবেন সেটা অবশ্য এখনো রহস্যই রয়ে গেছে।
সিনেমার নাম দেয়া হয়েছে ‘নীলাঞ্জনা’ গানটির একটি লাইন- ‘সে আমার প্রথম প্রেম নীলাঞ্জনা’।
নীলাঞ্জনাকে নিয়ে নচিকেতা গান লিখেছেন মোট চারটি। এই চারটি গানের নীলাঞ্জনাকেই নচিকেতা তুলে ধরবেন তাঁর সিনেমায়।

