একাত্তর বাংলাঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে ঢাকার পল্টনে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক চা দোকানি নিহত হয়েছেন।
সন্ধ্যার পর রাজধানীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে রাস্তার পাশের বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙে পড়েছে। এতে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ঢাকার অন্যান্য রাস্তায় পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়ে বিপাকে পড়েন অফিস ফেরত মানুষ। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে আকাশে কালো মেঘ জমে। এরপর শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। এতে হাটবাজার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন সাধারণ মানুষ। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে শহরের বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ ও নাটোরসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণা বায়ু প্রবাহের সাথে ও উত্তর-পশ্চিম বায়ু প্রবাহের সংমিশ্রণের কারণে এ ঝড় হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ৩ দিন এরকম ঝড় আরো হতে পারে। নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

