একাত্তর বাংলাঃ খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।
সোমবার সকালে, তেরখাদা উপজেলার আটলিয়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি জিলু মিয়ার সঙ্গে তেরখাদার ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম মওলার বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিলো। গতকাল রাতে, দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে আজ সকালে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই গোলাম মওলা নিহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

