কাবুল: আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ বিমান হামলায় আরও তিন জঙ্গি জখম হয়েছেন বলে খবর৷ রবিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷
বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান বিমান বাহিনী হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ এতে পাঁচ জঙ্গি নিহত ও অপর তিন জন আহত হয়েছে৷ এই হামলার বিষয়ে তালিবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি৷
গত বৃহস্পতিবার একইভাবে উত্তর আফগানিস্তানের ফেরিয়াব প্রদেশের বিলছাড়াগ জেলায় তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা চালানো হয়৷ বিমান হানায় ছয় জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সেনা মুখপাত্র নাসরাতউল্লাহ জামসিদি সংবাদসংস্থাকে একথা জানিয়েছে৷
গত সপ্তাহে আফগানিস্তানে পুলিশ ভ্যানে তালিবান হামলায় মৃত্যু হয় তিন পুলিশকর্মীর। আফগান পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দিন রাতে পোশট্রোড জেলার ফারাহ প্রদেশের সদর দফতরে ফিরছিল ওই পুলিশ ভ্যানটি। আচমকা হামলা চালায় তালিবান জঙ্গিরা। নিহত হন ৩ পুলিশকর্মী। প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে পাল্টা জবাব দেয় আফগান পুলিশও। তালিবানের তরফে কোনও জবাব মেলেনি এখনও। অন্যদিকে, আইএস জঙ্গি ঘাঁটি নির্মূল করতে অভিযান চালাচ্ছে বিমানহানা চলছে আফগানিস্তানে। এদিনও আফগান সেনা জানিয়েছে, নানগারহর প্রদেশে আইএস অধ্যুষিত খোগ্যানি এবং আচিন জেলার ওয়াজির টাঙ্গরিতে দুটি পৃথক বিমান হানা চালায় সেনাবাহিনী।
সম্প্রতি, আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হানার জেরে মৃত্য হয় ১১ জনের৷ আহত হন কমপক্ষে ১৬ জন৷ ঘটনাটি ঘটে আফগানিস্তানের সেন্ট্রাল লোগার প্রদেশে৷ বিমান হানায় ১১ জনের মারা যাওয়ার খবর স্বীকার করে নিয়েছে স্থানীয় প্রশাসন৷

