যাচাই-বাছাই শেষে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে প্রার্থীদের উপস্থিতিতে এ বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।
বিকেল ৫টার দিকে বৈধদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের দিন আজ ২৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণের দিন ২১ মার্চ।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।

