ঢাকা-ময়মনসিংহ-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর-রৌমারী পর্যন্ত রেলপথ নির্মাণে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে লিখিত আবেদন করা হয়েছে। গত ২৪ মে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সলিমুল্লাহ সেলিম স্বাক্ষরিত আবেদনটি রেল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর-রৌমারী পর্যন্ত রেলপথ নির্মাণে এলাকাবাসীর পক্ষে মো. সলিমুল্লাহ সেলিম দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে মিছিল-মিটিং, পোস্টারিং, মানববন্ধন-সমাবেশ, প্রধানমন্ত্রী বরাবর শেরপুরের ডিসির মাধ্যমে স্মারকলিপি প্রদান থেকে শুরু করে শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচি চলমান। এলাকার মানুষের যাতায়াতের কষ্ট বিবেচনায় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা যুগের পর যুগ দাবি বাস্তবায়নে আশ্বাস দিয়ে আসছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনার সংবাদে আমরা স্বপ্ন পূরণে আশার আলো দেখতে পাচ্ছি।
দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে এতে আরো বলা হয়েছে, ‘জামালপুর-শেরপুর-বকশীগঞ্জ হয়ে রৌমারীর দাঁতভাঙ্গা এবং জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য সমীক্ষা এবং ডিটেইল ডিজাইন’শীর্ষক প্রকল্পের ওপর গত বছরের ১৬ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থাপনা ব্যয়, মেয়াদ, সমীক্ষার সময়কাল, পরামর্শকের সংখ্যা, জনমাস ও ব্যয়, আউট সোর্সিং জনবল গঠনে গত বছরের ২৪ অক্টোবর রেল ভবনের সম্মেলন কক্ষে পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায়নি।
এলাকাবাসী মনে করে, ঢাকা-ময়মনসিংহ-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর-রৌমারী পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে এবং যাতায়াতে ভোগান্তি কমার পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধিসহ দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
তাই এলাকাবাসীর কষ্ট আর দুর্দশার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-ময়মনসিংহ-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর-রৌমারী পর্যন্ত রেললাইন প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে রেলমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

