একাত্তর বাংলাঃ জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচন সফল করতে ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন উপাচার্য। এসময় ডাকসু নির্বাচনের প্রার্থী, সব হল প্রাধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য জানান নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, নির্বাচনের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষভাবে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে। বিশেষ সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।
উপাচার্যের বক্তব্যে হতাশ সরকারবিরোধী সংগঠনগুলো। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার অভাব দেখছেন তারা।
বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, সাংবাদিক ও প্রার্থী কারো কথা না শুনেই উপাচার্য বক্তব্য শেষ করে উঠে গেলেন। এটা প্রমাণ করে তিনি কারো কথা শুনতে চান না।
ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেরূপ বিমাতাসুলভ আচরণ করছে আমরা তার তীব্র নিন্দা জানাই।
সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু বলেন, প্রার্থী যারা আছে তাদের কথা শুনছে না প্রশাসন।
প্রচার প্রচারণায় জমে উঠেছে ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। এদিকে ডাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন দিয়েছে কুয়েত মৈত্রী হলের স্বতন্ত্র প্রার্থীরা।
ছাত্রলীগের প্রার্থীরা বলেন, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির প্রত্যয়ে আমরা নির্বাচনে জয়ী হওয়ার আশা করছি।
স্বতন্ত্র জিএস প্রার্থী এআরএম আসিফুর রহমান বলেন, এর আগে আমাকে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ এবং রোকেয়া পরিষদ আমাকে আগেই সমর্থন জানিয়েছে। আজকে কুয়েত মৈত্রী হলও আমাকে সমর্থন জানিয়েছে।
নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং স্বত্রন্ত্র জোট। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বলে জানা যায়।

