একাত্তর বাংলাঃ বিরাট কোহলি আর আনুশকার প্রেম এবার ভারতের সীমানা পেরিয়ে বৈশ্বিক হয়ে উঠেছে। দুজনের প্রথম দেখা হয়েছিল বিজ্ঞাপনের সেটে সেই ২০১৩ সালে। এরপর থেকেই মনের আদানপ্রদান, অতঃপর রাজসিক বিয়ে। তবে বিয়ের পর এই প্রেমের রেশ থাকবে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে এসব মানুষকে হতাশ করে নতুন করে শুরু হয়েছে আনুশকা ও বিরাটের রোমান্স।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্ব্বখ্যাত গ্রাফিতি ‘দ্য কিস’ এর সামনে সম্প্রতি এই দম্পতির চুম্বনরত ছবি ব্যাপক সাড়া ফেলেছে সারাবিশ্বে। কবীর সুমনের গানে তিনি প্রেমিক প্রেমিকাদের ঠোঁটে ঠোঁট রেখে ব্যরিকেড গড়ার যে প্রত্যয় গড়েছিলেন তারই বাস্তবায়ন ঘটিয়েছেন বিরাট আনুশকা।
ছবিটিতে দেখা যায়, একটি গ্রাফিত্তির সামনে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন বিরাট ও আনুশকা। আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় ইন্সটাগ্রামে এই চুমুর দৃশ্য আপলোড করার পরপরই ভারতীয় তরুণদের মনে তা ব্যাপক সাড়া ফেলে। ছবিটি শেয়ারও হয়েছে অসংখ্যবার। তাদের পেছনে ‘দ্য কিস’ নামের গ্রাফিত্তিটিতে দেখা যায় একজন নাবিক ও নার্স চুমু খাচ্ছেন। তাদের আদলেই দাঁড়িয়েছেন আনুশকা ও বিরাট।
ডিসেম্বরে বিয়ের পর থেকেই কোহলির মাঠের পারফর্মেন্সেও এসেছে বিরাট সাফল্য। দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। ব্যাটিং আর দাম্পত্য দুটোতেই সফলতার ছোঁয়া পাচ্ছেন কোহলি। এমন চমকপ্রদ সফলতার রহস্য কি তা জানাতে কোহলি বারংবার আনুশকার কথাই মুখে এনেছেন।

