জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলা মামলার প্রধান আসামি মো. তৌহিদুজ্জামান তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নামা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুজ্জামান ওই এলাকার মৃত আবিরুজ্জামান আক্কাসের ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার পর থেকেই পুলিশ মাঠে নামে। রাতে মামলা হওয়ার পর কম সময়ের মধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করি। আসামি তৌহিদকে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে, গতকাল সোমবার রাতে সংবাদ সংগ্রহের সময় বকশীগঞ্জের নামাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান। এ ঘটনায় রাতেই মতিন রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. তৌহিদুজ্জামান তৌহিদকে প্রধান ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

