একাত্তর বাংলা রিপোর্টঃ দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষসারির সরকারি প্রতিষ্ঠান জনতা ব্যাংকে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ২৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে সাইফুল আবেদীন সেলিমকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
রোববার (১৩ অক্টোবর) বিকালে নবগঠিত কমিটির সভাপতি সাইফুল আবেদীন সেলিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিগত ২৮ আগষ্ট জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কমিটি গঠনের লক্ষ্যে ঢাকাস্থ মতিঝিল বিমান ভবনের তৃতীয় তলায় এক সভা অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক কর্মকর্তা ওই সভায় অংশগ্রহন করেন। পরে সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কমিটি গঠনের লক্ষ্যে ব্যাংকটির জিএম মিজানুর রহমানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটিতে ব্যাংকের উপমহাব্যবস্থাপক আল আরিফ হাসান এবং মামুনুর রশিদকে সদস্য করা হয়। এরপর সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে গত ৮ অক্টোবর জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ২৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় সার্চ কমিটি।

