একাত্তর বাংলাঃ ‘নির্বাচনে বিজয় আনুষ্ঠানিকতা মাত্র’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এর মাধ্যমে নীলন কশার নির্বাচনের বিষয়টি পরিস্কার হয়ে গেছে। তবে একতরফা নির্বাচন এদেশের জনগণ আর হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মওদুদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, কয়েকটি কথার উত্তর দেওয়ার দরকার। আজ নতুন খবর পেলাম, যেটা এতদিন সন্দেহ করে আসছিলাম। নির্বাচনের একটা নীল নকশা সরকার করেছে। সে নীল নকশাটা হলো বিরোধী দল যাতে না থাকে। তাদের নিশ্চিহ্ন করতে হবে। আওয়ামী লীগ এককভাবে আবার এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যাতে করে কোনো দল আর নির্বাচনে না আসে।
২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরও একটা নির্বাচন করবে। সেটা খোলামেলা বলেই দিয়েছে। তাদের একজন নেতা বলেই দিয়েছেন।
মওদুদ আহমদ আরও বলেন, বিজয় তাদের আনুষ্ঠানিকতা মাত্র। তার মানে নীল নকশা অনুযায়ী নির্বাচন হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। গেজেট নোটিফিকেশন হবে। আর শপথ গ্রহণ হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার আছে বলে আমি মনে করি না। এতদিন আমরা যে সন্দেহ করে আসছিলাম আজ তারা অজ্ঞাতেই হয়তো মনে যা আছে সেটা বলে ফেলেছে। কিন্তু ধরা পড়ে গেছে। দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে।
তিনি আরও বলেন, এটা বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এ নীল নকশা বাস্তবায়ন করতে পারবেন না। ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। আজ মার্চ মাসে বলছেন সব হয়ে গেছে। আনুষ্ঠানিকতা বাকি। বিরোধী দলে যারা আছেন আপনারা বাড়ি চলে যান।
মওদুদ বলেন, বিশ্বময় স্বৈরাচার সরকারের যেমন পতন হয়েছে, বর্তমান সরকারের পতনও একইভাবে হবে। এটা ইতিহাসের অবধারিত পরিণতি। এখান থেকে কেউ নিস্তার পায়নি। এখন শুধু সময়ের ব্যাপার।

